সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে ছুটির সঙ্গে নতুন কিছু নির্দেশনাও জারি করেছে সরকার।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, অফিস খুলে দেয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। ছুটিকালে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। 

এ নিয়ে পঞ্চমবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল। ছুটির সঙ্গে দেশবাসীর উদ্দেশে নানা নির্দেশনা রয়েছে। 

এর আগে, ছুটির মেয়াদ ১ মে পর্যন্ত করার সুপারিশ করে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি। মঙ্গলবার জাতীয় কমিটির সভাপতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জাতীয় কমিটির সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আরো পড়ুন : দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৭, নতুন শনাক্ত ৪১৪


তিনি জানান, সভায় গৃহীত সিদ্ধান্ত প্রস্তাবটি লিখিতভাবে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দ্বিতীয় দফায় তা বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত এবং তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়।

ইত্তেফাক/ইউবি