নিউইয়র্কের জ্যামাইকায় করোনা ভাইরাসে বিপর্যস্ত বাংলাদেশি কমিউনিটির সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা। গত দু’সপ্তাহে সংগঠনটি প্রায় ৪০টি বাংলাদেশি পরিবারকে সহায়তা দিয়েছে। করোনাভাইরাসের এই দুঃসময়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকার সভাপতি বাহালুল সৈয়দ উজ্জ্বল এবং যুগ্ম সম্পাদক আহনাফ আলম জানিয়েছেন, আর্থিক সংকট নেই, কিন্তু চলমান সংকটে বাসার বাইরে গিয়ে নিত্যপণ্য কেনার সুযোগ কম এমন পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা। তাদের ঘরে পৌঁছে দিয়েছি প্রয়োজনীয় খাবার, যেমন- চাল, ডাল, ময়দা, চিনি, দুধ, চা, তেল, আলু, পেয়াজ, সবজি, খেজুরসহ নিত্যপণ্য। বিশেষ করে আসন্ন রমজান উপলক্ষে আমরা দরকারি অনেক পণ্য এসব ঘরে পৌঁছে দিয়েছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে।
বাহালুল সৈয়দ উজ্জ্বল জানান, নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি কমিউনিটি এখন অনেক বড়। বাংলাদেশি অনেক পরিবার করোনা মহামারীর কারণে সরকার থেকে স্টিমুলাস প্যাকেজের অর্থ সহায়তা পেয়েছেন। কিন্তু ঘরে ছোট বাচ্চা থাকার কারণে বাজারে যেতে পারছেন না, আমরা এসব পরিবারের তালিকা করে তাদের কাছে সাহায্য পৌঁছে দিয়েছি। আবার অনেক পরিবারে বয়স্ক সদস্য রয়েছেন, যারা এই মুহূর্তে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন, সেসব পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা।
তিনি বলেন, অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আছেন যারা এখন কর্মহীন, বেকার ভাতার জন্য আবেদনও করেছেন, কিন্তু এখনো অর্থ হাতে পাননি, এমন অনেক পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের এই বিপদেও আমাদের সংগঠন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
তিনি আরো জানান, আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকার নামে ফেসবুকে ফান্ড রেইজ করছি। এ পর্যন্ত অর্ধ শতাধিক ব্যক্তি আর্থিকভাবে সহায়তা দিয়েছেন। এছাড়া কর্মকর্তাদের অনেকের সহায়তাও রয়েছে। সবার সম্মিলিত অর্থেই আমরা বিপর্যস্ত বাংলাদেশি কমিউনিটির সাহায্যে এগিয়ে এসেছি। এ ধরনের সেবামূলক কাজ করতে পেরে খুব আনন্দ লাগছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে গঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জ্যামাইকা।
ইত্তেফাক/এসি