আইসিসি সিইও মিটিং পরস্পরের অবস্থা শুনলেন কর্মকর্তারা

এ সময়ে ক্রিকেটের প্রচণ্ড ব্যস্ত একটা সময় কাটানোর কথা ছিল। আইসিসিরও ব্যস্ত থাকার কথা ছিল আসছে অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে। কিন্তু করোনা ভাইরাসের নজির বিহীন মহামারিতে স্তব্ধ হয়ে আছে বিশ্ব। ফলে থমকে আছে খেলাধুলাও। এই অবস্থায় পরস্পরের অবস্থা জানার জন্য এবং সর্বশেষ পরিস্থিতি বোঝার জন্য গতকাল বৈঠক করেছেন আইসিসি সদস্য বোর্ডগুলোর প্রধান নির্বাহীরা। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই বৈঠক শেষে বললেন, এখানে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো আলাপ হয়নি। কেবলমাত্র সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের কারণে এরই মধ্যে অনেক সিরিজ বাতিল হয়ে গেছে। বাংলাদেশেরও কমপক্ষে তিনটি সিরিজ বাতিল হয়েছে। সুজন বললেন, এসব বাতিল হওয়া সিরিজ নিয়ে কথা হয়েছে, ‘সিরিজগুলো সম্পর্কে আমরা পরস্পরকে বলেছি। এটা তথ্য হিসেবে জানানো হয়েছে। কোনো অভিযোগ তো কারো ওপর নেই। আর এখন যেহেতু আমরা জানিও না যে কবে পরিস্থিতি ঠিক হবে। তাই রিশিডিউল নিয়েও কথা হয়নি। স্রেফ তথ্যগুলো শেয়ার করেছি আমরা।’

সুজনের কাছে পুরো মিটিংটাই ছিল সার্বিক পরিস্থিতি বোঝার একটা আয়োজন। তিনি বলছিলেন, ‘এখানে আমরা চেষ্টা করেছি কোভিড-১৯ এর ফলে কী কী ক্ষতি হচ্ছে, কী কী আয়োজন বন্ধ হয়ে আছে, কোন দেশ কীভাবে চলছে; এসব বিষয়ে তথ্য আদান-প্রদান করার।’

এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটাও অনিশ্চিত। সুজন বললেন, সেটা নিয়েও কথা হয়েছে, ‘এখনো বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দুশ্চিন্তাটা আছে। সেটা নিয়ে বিস্তারিতই কথা হয়েছে। কিন্তু সমস্যা হলো, কেউ জানে না, ভবিষ্যত্ কী। তাই কোনো সিদ্ধান্তমূলক কথা বলা যায়নি। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’