বিরাট কোহলি মানেই সাফল্য। জীবনে অল্প কিছু সময় বাদ দিলে বেশির ভাগ ক্ষেত্রে শুধু সাফল্য পেয়েছেন। সেই বিরাট কোহলি বলেছেন, নিজের না পাওয়ায় কেঁদে ফেলার স্মৃতি।
করোনা ভাইরাসের এই প্রবল সংক্রমণের সময়ে তরুণ ক্রিকেটারদের উত্সাহিত করতে অনলাইনে কথা বলেছেন কোহলি। আর সেখানেই বলেছেন প্রথমবার রাজ্য দলে সুযোগ না পেয়ে হতাশ হওয়ার গল্প, ‘রাজ্য দলে প্রথমবার যখন প্রত্যাখ্যাত হলাম, মনে আছে অনেক রাত পর্যন্ত আমি শুধু কেঁদেছিলাম। রাত ৩টা পর্যন্ত আমি চিত্কার করে কেঁদেছি। বিশ্বাসই করতে পারছিলাম না। কারণ আমি রান করছিলাম, সবকিছুই নিখুঁতভাবে করছিলাম। পারফরম করেই ঐ পর্যায়ে গিয়েছিলাম, কিন্তু সুযোগ দেওয়া হলো না।’
তবে কোহলিই এই গল্প বলে সবাইকে বলেছেন, খেলাটার প্রতি ভালোবাসা থাকলে এবং ফিরে আসার প্রবল ইচ্ছে থাকলে অবশ্যই সুযোগ আসে, ‘আমার কোচকে আমি টানা দুই ঘণ্টা ধরে জিজ্ঞেস করে গেছি, ‘কেন সুযোগ পেলাম না?’ আমি কোনো যুক্তিই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু যদি প্রবল অনুরাগ আর নিবেদন থাকে, নিজের ভেতর আবার ঠিকই প্রেরণা খুঁজে পাওয়া যায়।’