জীবননগরে অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছে দরিদ্র চা বিক্রেতার দোকান। অপরদিকে রাতের আঁধারে কেটে বিনষ্ট করা হয়েছে নার্সারির চারাগাছ। চারাগাছ কাটা শেষে নার্সারীর ঘরটিতেও দেওয়া হয়েছে আগুন। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে অজ্ঞাত দুর্বৃত্তদল এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।
উপজেলার সুবলপুর গ্রামের মৃত আয়নাল তরফদারের ছেলে আলী তরফদার একজন ক্ষুদ্র চা দোকানি। চা বিক্রির পাশাপাশি সে স্টেশনারী ও মুদিখানার মালামালও বিক্রি করে থাকে। বৃহস্পতিবার ভোররাতে অজ্ঞাত দুর্বৃত্তদল তার দোকানটিতে আগুন লাগায়। আগুনের লেলিহান শিখায় দোকানে রক্ষিত টিভি-ফ্রিজসহ সকল মালামাল পুড়ে ভস্মীভূত হয়।
অপরদিকে উপজেলার নিধিকুণ্ড গ্রামের মঙ্গল খান ওরফে মোংলার ছেলে ওমর ফারুকের দুই বিঘা জমির নার্সারির মূল্যবান গাছ কেটে তছরুপ করে। এসময় ঘরে রক্ষিত সার ও কীটনাশক পুড়ে ছাই হয়ে যায়। জীবননগর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলেই পৌঁছানোর পূর্বেই চা দোকান ও নার্সারির মধ্যে রক্ষিত স্টোরঘর পুড়ে ভস্মীভূত হয় বলে জানা গেছে।