করোনা ভাইরাসের আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে পাকিস্তান দলের নেদারল্যান্ডস সফর। দুই বোর্ড সম্মত হয়েই সিরিজ স্থগিতের ঘোষণা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে ঠিক করা হবে সফরের নতুন সূচি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে পুরো বিশ্ব। বন্ধ আছে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম। নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আবার কবে নাগাদ মাঠে ফিরবে ক্রিকেট। করোনার কারণে ডাচ সরকার দেশটিতে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের পেশাদার খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে নেদারল্যান্ডস। করোনা আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন ৪ হাজার হয়ে গেছে। যার ফলে সিরিজ স্থগিতের ঘোষণা দেয় ডাচ ক্রিকেট বোর্ড।
চলতি বছর জুলাইয়ে ইংল্যান্ড সফরের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনটি ওয়ানডে খেলার কথা ছিল পাকিস্তানের। ৪, ৭ ও ৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচগুলো। এই সিরিজের আগে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ ম্যাচ খেলার কথা ছিল নেদারল্যান্ডসের। আপাতত সেটাও পিছিয়ে গেছে।
করোনার কারণে ডাচ ক্রিকেটের ক্ষতির তালিকা বেশ লম্বা। পাকিস্তান, নিউজিল্যান্ড ছাড়াও পিছিয়ে গেছে একটি চার জাতি টুর্নামেন্ট। যেখানে স্বাগতিক নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও যুক্তরাষ্ট্রের অংশ নেয়ার কথা। ডাচ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে না।