রংপুরে কৃষকদের সবজি-মসলা কিনে নিল সেনাবাহিনী

রংপুরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে বিভিন্ন সবজি ও মসলা ক্রয় করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূলে এসব কেনায় খুশি করোনাকালে হতাশায় থাকা প্রান্তিক চাষিরা। বুধবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির বিভিন্ন এলাকা থেকে শাকসবজি ও মশলা ক্রয় করেছে সেনাবাহিনীর সদস্যরা। গ্রামের সবজি ও মশলাচাষিদের কাছ থেকে বেগুন, পেঁয়াজ, রসুন, করলা, মিষ্টিকুমড়া, চালকুমড়া, পটল, আলু, কাঁচামরিচসহ প্রায় ১ টন সবজি ও মসলা কিনে নেয় সেনাবাহিনীর সদস্যরা। বেতগাড়ি হাট থেকে ট্রাকে সবজি ও মসলাগুলো রংপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়।

সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের কর্মকর্তা ক্যাপ্টেন সিগমা জানান, গঙ্গাচড়ার চরাঞ্চলের প্রান্তিক কৃষকরা তাদের উত্পাদিত সবজি ও মসলা বিক্রি করতে পারছিলেন না। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে বেতগাড়ি এলাকার ২০ কৃষকের কাছ থেকে তাদের উত্পাদিত সবজি ও মসলাজাতীয় ফসল কেনা হয়েছে। এতে করে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পেয়ে উপকৃত হয়েছেন।