নিকলীতে সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ চাষি

নিকলী উপজেলার চরাঞ্চলে ব্যাপক পরিমাণে সবজির চাষ হয়। এখানকার উত্পাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়। কিন্তু বর্তমানে সবজির বাজার দর খুবই কম। উত্পাদিত সবজির কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ হয়ে পড়েছেন উপজেলার চাষিরা।

ক্রেতা কম থাকায় অধিকাংশ সবজিই নষ্ট হচ্ছে। এতে ভালো নেই সবজি বিক্রেতারাও। নিকলী সদর বাজারসহ উপজেলার বেশকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে চিচিংগা, করল্লা, টম্যাটো, বেগুন, ঢেঁড়স, আলু, কুমড়া, মিষ্টি কুমড়াসহ পর্যাপ্ত পরিমাণ সবজি রয়েছে। কিন্তু সবজির তুলনায় ক্রেতা কম। এতে অধিকাংশ কাঁচামাল নষ্ট হয়ে লোকসানে রয়েছেন বিক্রেতারা। নিকলী সদর বাজারের কয়েকজন সবজি বিক্রেতা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচাকেনা করতে হচ্ছে। বাজারে সবজির দামও কমেছে, ক্রেতার সংখ্যাও কমেছে। এতে সবজি নষ্ট হচ্ছে। লোকসান গুনতে হচ্ছে তাদের।