প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দ

মধুপুর বনাঞ্চলের গারো ও কোচ সম্প্রদায় খুশি

অবশেষে ত্রাণ পেলেন মধুপুর বনাঞ্চলের দরিদ্র গারো ও কোচরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা তহবিল থেকে এই বিশেষ বরাদ্দ পান ক্ষুদ্র জনগোষ্ঠীর দরিদ্র মানুষ। এদিকে ত্রাণ পেয়ে তারা বেশ খুশি। বৃহস্পতিবার মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জলছত্র কর্পোস খৃস্ট হাইস্কুল মাঠে ত্রাণ বিতরণ উদ্বোধন করেন।

মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব রানা জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে যে আটটি ইউনিয়নে ক্ষুদ নৃ-গোষ্ঠীর গারো ও কোচদের জন্য বিশেষ বরাদ্দের ২০ টন চাল পাওয়া যায়। বৃহস্পতিবার এসব চাল বন্টন করা হয়। সর্বমোট ২ হাজার পরিবার ১০ কেজি করে চাল পেয়েছে।

গারো নেতা ইউজিন নকরেক জানান, করোনায় বেকার এবং অনাহারি অধিকাংশ পরিবার জঙ্গল থেকে বন আলু সংগ্রহ করে খাচ্ছিল। এর আগে তারা তেমন ত্রাণ সহায়তা পায়নি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিশেষ বরাদ্দের চাল পাওয়ায় তারা খুবই খুশি।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা জানান, বুধবার কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মধুপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। ঐ সময় তিনি পর্যাপ্ত ত্রাণ সরবরাহের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘করোনার প্রভাব মধুপুরে মানুষ ঢুকছে বনজঙ্গলে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।