বিভিন্ন ধরনের বন্ডের টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে ব্যাংক। ব্যাংকের সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকলেও বন্ডের টাকা পরিশোধের বিষয়ে আলাদাভাবে কোনো নির্দেশনা ছিল না। তাই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড নগদায়ন কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগে থেকেই মেয়াদপূর্তি সাপেক্ষে জাতীয় সঞ্চয়পত্র এবং কুপনের অর্থ পরিষদের কার্যক্রম চালু রয়েছে। তবে মাঝেমধ্যে সমস্যায় পড়ছেন বন্ডের বিনিয়োগকারীরা। তাই মেয়াদপূর্তির আগে অথবা মেয়াদপূর্তির পর এনআরবি বন্ড (ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড) নগদায়ন ও কুপন প্রদান সংক্রান্ত কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া যাচ্ছে। এছাড়াও চলমান সীমিত ব্যাংকিং কার্যক্রমের মধ্যেই এনআরবি বন্ডসমূহের নগদায়ন ও কুপন বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।