কারাবন্দিদের কাছে নগদ বা বিকাশে টাকা পাঠাতে পারবে স্বজনরা

স্বাভাবিক সময়ের মতো এখন আর কারাবন্দিদের সঙ্গে দেখা করতে পারেন না স্বজনরা। কারাগারে স্বজনদের সঙ্গে দেখা করার ব্যাপারে কঠোরতা আরোপ করা হয়েছে। ফলে স্বজনদের কাছ থেকে কিছু টাকা নিয়ে কারা ক্যান্টিন থেকে কিছু কিনে খাওয়ার সুযোগবঞ্চিত হচ্ছেন বন্দিরা। পরিস্থিতি উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট নম্বরে বিকাশ ও নগদে টাকা পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। একজন বন্দির কাছে একবারে ১ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ২ হাজার টাকা পাঠাতে পারবেন স্বজনরা।

গত ১৯ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠি কারা কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যে কারাগারে ৫০০ বন্দি আছে সেখানে একটি নম্বরে টাকা আনতে হবে। ১ হাজার বন্দি থাকলে দুটি নম্বর ব্যবহার করা যাবে। আর ১ থেকে ৩ হাজার বন্দি থাকলে তিনটি এবং ৩ হাজারের বেশি বন্দি থাকলে পাঁচটি নম্বর চালু করা যাবে। প্রত্যেক বন্দির স্বজনকে টাকা পাঠানোর পর নাম, পিতার নাম, ঠিকানা এবং যে নম্বর দিয়ে টাকা পাঠানো হয়েছে সেই নম্বর উল্লেখ করে মেসেজ পাঠাতে হবে। টাকা আদানপ্রদানের খরচ বহন করতে হবে বন্দি বা তার স্বজনকেই।