করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমতিতে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে রাউজান উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ।
ইউএনও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য উপজেলা বা জেলা হতে কোনো ব্যক্তি বা যানবাহন রাউজান উপজেলায় প্রবেশ করতে পারবেনা, সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে, এক এলাকা হতে অন্য এলাকার চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালীন সময়ে যে পরিসেবাসমূহ চালু থাকবে সেগুলো হলো- বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ব্যাংকিং কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসা সরঞ্জামাদি, রোগী ও ওষুধ বহনকারী যানবাহন ও কর্মী।
এছাড়াও জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্যদ্রব্য, শিল্পপণ্য, শিশুখাদ্য এবং পশুখাদ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, কৃষিজ পণ্য, সার, কীটনাশক ও জ্বালানি পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, ত্রাণ কার্য এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।
উল্লেখ্য, রাউজান উপজেলায় ইতিমধ্যে ৯ জন রোগীর করোনা ভাইরাস সংক্রামণ সন্দেহে নমুনা পরীক্ষা করা হলে তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দীন।
ইত্তেফাক/এসি