বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, নতুন করোনা ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘকাল থাকবে। সংস্থাটির প্রধান ডা. টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়েসাস বলেন, এখনো আফ্রিকা পূর্ব ইউরোপ মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় এ ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ মুহূর্তে অনেক দেশে লকডাউন তুলে নেওয়া হলে সংক্রমণ আবারও ভয়াবহ রূপে ফিরে আসতে পারে। খবর : বিবিসি।
বুধবার জেনেভা থেকে এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ডা. ঘেব্রেয়েসাস বলেন, নতুন করোনা মহামারি মোকাবিলায় বহু দেশ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কয়েকটি দেশে সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেছে ভাবলেও সেখানে আবারও ভাইরাসের বিস্তার ঘটেছে।
এ সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এরই মধ্যে প্রশ্ন তুলেছে। এ ব্যাপারে সংস্থাটির প্রধান বলেন, কোভিড-১৯ মহামারি ঠেকাতে ঠিক পথেই এগোচ্ছেন তারা। তিনি বিশ্বাস করেন, মহামারির বিষয়ে অনেক আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে এসেছে।
তিনি বলেন, গত ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছিল। আর ১১ মার্চ মহামারি ঘোষণা করা হয়। এই সময়ে দেশগুলো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনার জন্য যথেষ্ট সময় পেয়েছে। পশ্চিম ইউরোপের বেশির ভাগ মহামারি এখন স্থিতিশীল রয়েছে নয়তো কমে আসছে।
তিনি বলেন, আর কোনো ভুল করলে চলবে না। বিশ্বকে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। কারণ এ ভাইরাসটি আমাদের সঙ্গে আরো দীর্ঘদিন থাকবে।
পরিস্থিতি মোকাবিলার জন্য অনেক দেশ তার প্রশংসা করলেও যুক্তরাষ্ট্র থেকে তার পদত্যাগের দাবি উঠেছে। তিনি পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে বলেন, আমি মানুষের জীবন বাঁচাতে দিনরাত কাজ করব।
উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ২৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ৮৫ হাজার মানুষের।