আজ শুক্রবার থেকে কাওরান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাবেচার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব পণ্যসামগ্রী গাড়ি থেকে আনলোড করতে হবে। একই সঙ্গে এই সময়ের মধ্যেই পাইকারি ক্রেতাদের বাজার ত্যাগ করতে হবে। গতকাল ঢাকা মহানগর পুলিশ, র্যাব, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধি ও কাওরান বাজারের মালিক সমিতির সদস্যদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় আরো সিদ্ধান্ত হয়, পণ্য বিক্রয়কালীন বিক্রেতা, বিক্রেতার সহকারী (সর্বোচ্চ এক জন) ও ক্রেতা সার্বক্ষণিক মাস্ক ও গ্লাভস্ পরিধান করবেন এবং উভয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখবেন। বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ বাজারে আগত ক্রেতা, বিক্রেতা পণ্য পরিবহন ও মালামাল ওঠানামার সঙ্গে জড়িত সকলের জন্য সাবান ও হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করবেন। এছাড়াও বাজারে প্রয়োজনীয়সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন যাতে ক্রেতা ও বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়। বাজার কমিটি পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করবেন; যাতে সকলের সামাজিক দূরত্ব বজায় থাকে এবং এক ব্যক্তি অন্য ব্যক্তির সংস্পর্শে না আসে।
কাওরান বাজার এলাকায় হকারের মাধ্যমে কিংবা ভ্যানে কিংবা ফুটপাতে পসরা সাজিয়ে কোনো ধরনের খাবার কিংবা পণ্যসামগ্রী বিক্রি করা যাবে না। খুচরা বাজারের সময়সীমা আগের মতো প্রতিদিন ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বলবত্ থাকবে। মাছের পাইকারি বাজার আগের মতো ভোর ৩টা থেকে সকাল ৯টার মধ্যে চালু থাকবে।
বর্তমান পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অন্যান্য পাইকারি বাজারেও এ ব্যবস্থা চালু করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে।