সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৫

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় স্কুলছাত্রসহ পাঁচ জন নিহত হয়েছেন। এদিকে রাজধানীতে গণভবনের পাশের ক্রসিংয়ে ফাঁকা সড়কে চার গাড়ির সংঘর্ষ হয়েছে।  এতে আহত এক জনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর আওরঙ্গজেব রোড থেকে আসা পিকআপ ও আসাদগেট থেকে কলেজগেটমুখী প্রাইভেটকারের প্রথম সংঘর্ষ হয় মোড়ে। এ সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা গিয়ে ধাক্কা মারে। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

কিশোরগঞ্জ প্রতিনিধি ও বাজিতপুর সংবাদদাতা : বাজিতপুরে জিপের ধাক্কায় সাইকেল আরোহী স্কুলছাত্রসহ দুই জন নিহত হয়েছে। নিহতরা হলো নবম শ্রেণির ছাত্র নাদিম (১৬) উপজেলার মীরারকান্দি গ্রামের আউয়াল মিয়ার পুত্র এবং একই গ্রামের ফুরকান মিয়ার পুত্র বায়েজিদ (৭)। গতকাল বৃহস্পতিবার সরারচর-উজানচর সড়কের সুলতানপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের আধুরিয়া এলাকায় গতকাল ঢাকাগামী অজ্ঞাত ট্রাক ও সিলেটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও এলাকার তোফাজ্জল হোসেন (৪৫) ও বরিশালের আলী মিয়া (৬৫)। তারা নারায়ণঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা।

নেত্রকোনা : মোহনগঞ্জে ট্রাক চাপায় মিলন বর্মন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল উপজেলা সদরের বসুন্ধরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিলন বর্মন সদর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।