সকল দুর্যোগেই শিবচরবাসীর পাশে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা —চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, করোনা ভাইরাসসহ সকল দুর্যোগেই শিবচরবাসীর পাশেই রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ছাড়াও বিরোধী দলের নেত্রী থাকাকালীনও শেখ হাসিনা দুহাত বাড়িয়ে দিয়েছেন পদ্মা-আড়িয়াল খাঁ পাড়ের এই উপজেলাটির জন্য। করোনা ভাইরাসের কারণে দেশের প্রথম শিবচর আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পর্যাপ্ত পরিমাণ খাবারসামগ্রী, পিপিইসহ সকল কিছু দিয়ে পাশে দাঁড়িয়েছেন। সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন। এছাড়া সব বন্যা, নদী ভাঙন দুর্যোগে শিবচরবাসীর পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করে প্রথমেই মাদারীপুরের সঙ্গে সংযুক্ত হয়ে শিবচরকে নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। নির্দেশনাগুলো মানায় শিবচরে করোনার সংক্রমণ বিস্তার না ঘটে দ্রুত হ্রাস পায়।

উল্লেখ্য, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপির পক্ষ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন শিবচর উপজেলায় ১৯টি ইউনিয়ন ও ১ পৌরসভায় বুধবার থেকে শুরু করে বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ঈমাম, মুয়াজ্জিন, চতুর্থ শ্রেণির দুস্থ কর্মচারী, জেলে সম্প্রদায়সহ হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও নিম্ন আয়ের প্রায় ২০ হাজার মানুষের মাঝে ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।