প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষায় সরকারের সব রকম সহযোগিতা অব্যাহত রয়েছে।
বিভিন্ন দেশ হতে কর্মীদের ফেরত আনার অনুরোধ আসছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক বিধি-বিধান অনুযায়ী দ্বিপাক্ষিক অথবা বহুপাক্ষিক আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে, কলম্বো প্রসেস ও আবুধাবী ডায়ালগ ফোরামের সদস্য দেশসমূহের সঙ্গে শিগিগরই একটি বৈঠক করা হবে।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য করণীয় বিষয়ে চতুর্থ জরুরি আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বিদেশফেরতদের জন্য কোয়ারেন্টাইন ক্যাপাসিটি আরো বাড়াতে হবে। সভায় প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ২০ হাজার প্রবাসফেরত কর্মীর কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা সম্ভব হবে।