নতুন ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেবে সরকার

করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নতুন করে ২ হাজার চিকিত্সক ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ সিদ্ধান্তের কথা জানান। রোগীদের সেবা দিতে গিয়ে অনেক ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়ে এজন্য ‘দুঃখপ্রকাশ’ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু আমরা কোভিড রোগীদের জন্য নতুন নতুন হাসপাতাল প্রস্তুত করছি এবং বেশকিছু ডাক্তারদেরও কোয়ারেন্টাইনে যেতে হয়েছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা আশা করি, এ নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে।’