যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুটি পোষা বিড়ালের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে এই প্রথম কোনো পোষা প্রাণীর মধ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন মার্কিন বিশেষজ্ঞ ডা. অ্যান্টনি ফৌসি। তিনি বলেন, আক্রান্ত পোষা প্রাণীরা এই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে কিনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই পোষা প্রাণীরা আশেপাশের আক্রান্ত ব্যক্তিদের থেকে ভাইরাসে সংক্রামিত হয়েছে। এর আগে নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় পাঁচটি বাঘ এবং তিনটি সিংহর মধ্যে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। এই তথ্য দিয়েছে চিড়িয়াখানাটির বন্যপ্রাণী সংরক্ষণ সমিতি।
এদিকে ফেব্রুয়ারিতে হংকংয়ে একটি পোমারানিয়ান কুকুর ভাইরাসে সংক্রমিত হয়। কুকুরটির মালিক ভাইরাসে আক্রান্ত ছিল। পরে কুকুরটিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়। কুকুরটি এরপর সুস্থ হয়ে ফিরে গেলেও পরে মারা যায়। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। হংকংয়ে জার্মান শেফার্ড প্রজাতির কুকুরও ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে। আক্রান্ত মালিকের থেকে এই ভাইরাসটি কুকুরটির মধ্যে ছড়িয়েছে বলে জানা গেছে। -বিবিসি