অস্ট্রেলিয়ার সরকার জি-২০ জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেসব খোলা বাজারে জ্যান্ত পশুপাখি বা প্রাণী বিক্রি করা হয় সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নিতে। তারা বলছে এসব বাজার ‘জৈবনিরাপত্তা এবং মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।’ অস্ট্রেলিয়া এখনো এই ধরনের বাজার নিষিদ্ধ করার কথা বলেনি, তবে তারা বলেছে এধরনের বাজার, যেখানে তাজা মাছ মাংস বিক্রি করা হয়, সেগুলো ক্রমান্বয়ে উঠিয়ে দেওয়া উচিত। এ ধরনের কিছু কিছু বাজারে বন্যপ্রাণীও বিক্রি করা হয় এবং ব্যাপকভাবে একটা অনুমান আছে যে উহানের এধরনের একটি বাজার যেখানে ‘বিশেষ চাহিদার’ প্রাণী বিক্রি করা হতো সেরকম একটি বাজার থেকেই এই ভাইরাসের সূত্রপাত। উহানের ওই বাজারে শিয়াল, বিড়াল, কচ্ছপ এবং সাপ সহ নানাধরনের প্রাণী খাবার জন্য বিক্রি করা হতো।