বাতিল হচ্ছে না ‘কান চলচ্চিত্র উত্সব’

ভিন্নরূপে আয়োজনের পরিকল্পনা

বিনোদন ডেস্ক

 

পুরোবিশ্ব থমকে যাওয়ার কারণ করোনা ভাইরাসের মহামারি রূপ। বিনোদন দুনিয়ার সকল ইভেন্ট ও কাজ বন্ধ। এরমধ্যে ফান্সে অনুষ্ঠিত ‘কান চলচ্চিত্র উত্সব’ নিয়ে বেশ কয়েকবার চলে আলোচনা। সবার ধারণা ছিল এই অবস্থায় সবার মতো কান কর্তৃপক্ষও হয়তো বাতিল ঘোষণা করবেন এবারের আয়োজন। কিন্তু শুরুর দিকে বাতিলের কোনো ঘোষণা দেওয়া হয়নি। পরবর্তীতে সার্বিক অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার পর বাতিলের ঘোষণা আসে। তবে পুরোপুরি নয়। উত্সবটির পসরা না বসলেও ভিন্নরূপে আয়োজনের পরিকল্পনা চলছে। গত ১৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেত্রেঁদ্ধা ঘোষণা দেন, আগামী ১১ মে পর্যন্ত দেশটি লকডাউন থাকবে। এছাড়া জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কোনো উত্সব বা অনুষ্ঠান করা যাবে না।

আয়োজকরা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম, জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথমদিকে এবারের আসর আয়োজন করবো। কিন্তু প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী সেই সুযোগ আর নেই। ২০২০ সালে উত্সবটি চেনা ঢঙে করাটা খুবই কঠিন। কিন্তু ভিন্ন উপায়ে এই উত্সব আয়োজনের পরিকল্পনা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এরইমধ্যে আলোচনা শুরু করা হয়েছে। পেশাদার ফিল্ম সংশ্লিষ্টদের মত, কান উত্সব বিশ্ব চলচ্চিত্রের জন্য অন্যতম একটি বিষয়। যেকোনো উপায়ে ২০২০ সালেই এই আয়োজন দেখতে চায় তারা। আমরা আশা করি, উত্সবের নতুন অবয়বের বিষয়ে অবিলম্বে জানাতে পারবো।’ এদিকে কান উত্সবের প্যারালাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইট, ক্রিটিকস উইক ও এসিআইডি’র ২০২০ সালের আসর বাতিল করা হয়েছে। এ ৩টি বিভাগে জমা পড়া ছবিগুলোকে কীভাবে সহায়তা করা যায় সে ব্যাপারে কানের আয়োজকদের সঙ্গে আলোচনা করা হবে।

অন্যদিকে আরও একটি খবর উঠে আসে এবারের আসর নিয়ে। এ বছর কান উত্সবের অন্যতম আকর্ষণ মার্শে দ্যু ফিল্ম-এর আয়োজন করা হয়েছে অনলাইনে। ২২ জুন থেকে শুরু হবে ভার্চুয়াল এই আয়োজন। শেষ হবে ২৬ জুন। কান উত্সবের মূল অফিশিয়াল সিলেকশনের বাইরে একটি পুরোপুরি বাণিজ্যিক বিভাগ হলো মার্শে দ্যু ফিল্ম। উত্সবের সময়ে প্যালে ডে ফেস্টিভ্যালের নিচতলার জায়গাটায় নির্দিষ্ট ফি দিয়ে যে কেউ তাদের ছবি দেখাতে পারেন। প্রযোজনা সংস্থাগুলোর সুযোগ থাকে বুথ বা টেবিল ভাড়া নিয়ে কাজ তুলে ধরার। এ বছর অনলাইনেই বসবে সিনেমা কেনাবেচার এই আসর। মার্শে দ্যু ফিল্মের নিজস্ব ডিজিটাল টু ‘সিনানডো’ ব্যবহার করা হবে এই ফ্রি ভার্চুয়াল আয়োজনে।