রাঙ্গামাটির সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে জাল ব্যালট পেপার তৈরি করে তাতে পূর্ব থেকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার কৌশল নেয়ার অভিযোগ তুলেছেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী মনি স্বপন দেওয়ান। শনিবার সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় মনি স্বপন দেওয়ান বলেন, বিভিন্ন উপজেলায় প্রতিটি থানায় একাধিক মামলা দিয়ে হাজার হাজার নেতার্মীদের হয়রানি ও গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। তিনি ভোটের দিন নির্বাচন কমিশনকে এক দিনের জন্য নিরপেক্ষ থেকে ভোট কেন্দ্রে জনগণের নিরাপত্তা ও নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ সৃষ্টি করার দাবি জানান।
রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপি কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান, মনিষ দেওয়ান, বিএনপি জেলা সভাপতি হাজী শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, যুব দলের সাধারণ সম্পাদক আবু সাদাত্ মোহাম্মদ সায়েম, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।