দর্শকশূন্য খেলার পক্ষে নন টেন্ডুলকার

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাস সংক্রমণ কবে শেষ হবে, কেউ জানে না। ফলে খেলাধুলা কবে আবার শুরু হবে, তা-ও অনিশ্চিত। তবে এর মধ্যেই একটি পক্ষ চাচ্ছেন, ভাইরাসের উপদ্রব একটু কমে এলে খেলা শুরু করতে। সে জন্য সুপারিশ করা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার। কিন্তু ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার এই ব্যাপারটা খুব পছন্দ করছেন না।

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলাটা খেলোয়াড়দের জন্য একটা হতাশার ব্যাপার হবে বলে মনে করেন টেন্ডুলকার, ‘দর্শকশূন্য স্টেডিয়ামে যারা খেলবে সেই ক্রিকেটারদের জন্য হবে হতাশার। আমি যদি একটি ভালো শট খেলি এবং দর্শক প্রতিক্রিয়া দেখায়, সেটি শক্তি জোগায়। একইভাবে, এক জন বোলার যদি কোনো আগুনে স্পেল করে এবং দর্শক প্রতিক্রিয়া দেখায়, তাহলে ব্যাটসম্যানের ওপর এক ধরনের চাপ তৈরি হয়, তারও এটির জবাব দিতে হবে। যে কোনো খেলার অবিচ্ছেদ্য অংশ হলো দর্শক। তাদের উত্সাহ, আপনার পক্ষে-বিপক্ষে গলা ফাটানো খেলাধুলার ক্ষেত্রে অপরিহার্য।’

টেন্ডুলকার অবশ্য মনে করেন, করোনা ভাইরাস শেষ হওয়ার পর আবার খেলা শুরু হলে সেখানে অনেক কিছুই বদলে যাবে। উদাহরণ হিসেবে তিনি বলছিলেন, ‘আমার মনে হয়, লালা ব্যবহারের (বল উজ্জ্বল করার জন্য) ক্ষেত্রে খেলোয়াড়রা কিছু সময়ের জন্য চিন্তিত থাকবে। এটি তাদের মাথায় ঘুরপাক খাবে। মারাত্মক ভাইরাসটি থাকা পর্যন্ত সামাজিক দূরত্বের ব্যাপারটা মেনে চলতে হবে।’

এ ছাড়াও খেলোয়াড়দের আলিঙ্গন করা, হাত মেলানোর মতো ব্যাপারগুলোও কমবে বলে তার মনে হয়, ‘হাই-ফাইভ ও সতীর্থকে আলিঙ্গন করা কিছু সময়ের জন্য এড়িয়ে যেতে হবে। এটিই আমার বিশ্বাস। শুরুতে তারা সচেতন থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে।’