পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলার পাঁচটি পৌরসভায় ১২ হাজার ৬০০ পরিবার সরকারিভাবে রেশন কার্ডের আওতাভুক্ত হয়েছে। এই রেশনকার্ডধারী পরিবারগুলো পরিবেশকের কাছ থেকে ১৫ দিন পরপর ১০ কেজি করে চাল পাবে। প্রতি কেজি চালের দাম হবে ১০ টাকা। আগামী জুন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, জনসংখ্যার ওপর ভিত্তি করে কাউন্সিলরদের নিয়ে প্রতিটি ওয়ার্ডের জন্য কার্ডের সুবিধাভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ভিজিডি ও ভিজিএফ কার্ডপ্রাপ্তদের বাইরে যারা আছে সেসব অসহায় পরিবারকে আমরা রেশনকার্ড দিয়েছি।
পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক বি এম শফিকুল ইসলাম জানান, আজ শনিবার থেকে চাল বিতরণ শুরু করা হবে। আগামী জুন মাস নাগাদ ন্যায্যমূল্যে এই চাল বিক্রি অব্যাহত থাকবে।