রায়পুর ও হোমনার ১২৫ ভোটকেন্দ্রের ৮৮টিই ঝুঁকিপূর্ণ!

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের রায়পুর পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ৭২টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকেই ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এর মধ্যে কেরোয়া, রায়পুর, সোনাপুর, বামনী ও চরআবাবিল ইউনিয়নের এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নিরাপত্তা বাহিনী। নির্বাচন সুষ্ঠু করতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য অতিরিক্ত জনবল নিয়োগ করা হচ্ছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় জানান।

জানা যায়, কেন্দ্রের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রভাব বিস্তারের সম্ভাব্যতা ও প্রার্থীদের নিজ নিজ এলাকার কেন্দ্রগুলো বিবেচনায় আনা হয়। কারণ, কোনো প্রার্থীর নিজ এলাকার কেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের কোণঠাসা করার আশঙ্কা থাকে। এ কারণে এসব বিষয় বিবেচনায় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে বাড়তিসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনের হোমনা উপজেলার ৫৩ কেন্দ্রের মধ্যে ৩৭টিই ঝুঁকিপূর্ণ। কেন্দ্রগুলো হলো— হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব শ্রীমদ্দি, পশ্চিম শ্রীমদ্দি, জয়দেবপুর, ঘাগুটিয়া, রামপুর ও দড়িচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহের কালমিনা হাই স্কুল পাকা ভবন ও টিনসেড ভবন, দুলালপুর হাই স্কুল, ঝগড়ারচর প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কামাল স্মৃতি বালিকা বিদ্যালয়, রামপুর মাদ্রাসা, রামকৃষ্ণপুর কলেজ পুরাতন ভবন ও নতুন ভবন, নাগেরচর, বালুয়াকান্দি, শোভারামপুর, কলাগাছিয়া, তেভাগিয়া, ভবানীপুর ও কলাকান্দি, অযোধ্যানগর, ইটাভারা ও রাঘনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর হাই স্কুল, ডহরগোপ, ভিটি ভাসানিয়া, কৃষ্ণপুর, মণিপুর, নারায়ণপুর ও ঘাড়মোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনন্তপুর মাজেদুল ইসলাম দাখিল মাদ্রাসা ও জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা আজগর আলী জানান, বিভিন্ন সোর্সের মাধ্যমে ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।