পাঁচ বছরের শিশু করোনা আক্রান্ত মিঠাপুকুরে ১২ বাড়ি লকডাউন

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে পাঁচ বছর বয়সি এক শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আক্রান্তের বাড়িসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম বলেন, বড়ো হযরতপুর ইউনিয়নের সেরুডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের করোনায় আক্রান্ত পাঁচ বছর বয়সি ঐ শিশু সম্প্রতি তার মায়ের সঙ্গে ঢাকা থেকে ফিরেছে। ফেরার দুই-এক দিন পর অসুস্থ হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনা পজিটিভ হওয়ায় তাকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুঁইয়া বলেন, ঐ শিশুর শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসার পরপরই তার বাড়িসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করা হয়েছে।