তুরস্কে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

এএফপি

তুরস্কে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ১ হাজার ৭৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গতকাল এ কথা জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে নতুন করে ১১৫ জনের মৃত্যু এবং ৩ হাজার ১১৬ জন আক্রান্ত হয়েছে। সর্বশেষ দেওয়া এ হিসাব অনুযায়ী তুরস্কে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৪৯১ জনে দাঁড়াল। কোভিড-১৯ ভাইরাসের ছড়িয়ে পড়া রোধে বৃহস্পতিবার আঙ্কারা ও ইস্তাম্বুলসহ তুরস্কের ৩১টি নগরীতে চার দিনের লকডাউন শুরু হয়েছে। রবিবার মধ্যরাত পর্যন্ত এসব নগরীতে লকডাউন থাকবে। সরকার ইতিমধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ এবং রেস্তোরাঁর মতো বিভিন্ন জনসমাবেশস্থল ও জনসমাবেশ নিষিদ্ধ করেছে। তুরস্কের ৮০ শতাংশ চিকিত্সকের প্রতিনিধিত্বকারী সংগঠন টার্কিস মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানায়, প্রায় ৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে এবং ২৪ জন মারা গেছে।