যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫০ হাজার ছাড়াল

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেবল যুক্তরাষ্ট্রেই প্রাণ গেছে অর্ধলক্ষাধিক মানুষের। বিশ্বে প্রাণাহানি হয়েছে প্রায় ২ লাখ লোকের এবং আক্রান্ত হয়েছে সাড়ে ২৮ লাখের বেশি মানুষ। ইউরোপে মারা গেছে সোয়া লাখের বেশি মানুষ। ভাইরাসে টিকা আবিষ্কারে জোর প্রচেষ্টা চালানোর কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও যুক্তরাষ্ট্র এই প্রচেষ্টায় অংশ নেবে না বলে জানিয়েছে। ব্রিটেনে সরকারকে এক বছর আগেই ভাইরাস নিয়ে সতর্ক করা হয়েছিল। করোনা ভাইরাসে আক্রান্ত দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সুস্থ হয়ে সোমবারের মধ্যে কাজে ফিরছেন। স্পেনের এক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, লকডাউনের এক মাস আগেই ভাইরাস ছড়িয়ে পড়েছিল দেশটিতে।

মৃত্যু ৫০ হাজার ছাড়াল যুক্তরাষ্ট্রে

বিশ্বে গতকাল রাত সাড়ে ১২ টা পর্যন্ত করোনায় আক্রান্ত ২৮ লাখ ২৬৪ জন এবং মারা গেছে ১ লাখ ৯৫ হাজার ১৫৩ জন ও সুস্থ হয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৫০৪ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দেশে ৫০ হাজার ৯৮৮ জনেন প্রাণ গেছে। দেশটিতে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৩ হাজার ৩৩২ জনের। মোট আক্রান্ত ৯ লাখ ৩ হাজার ৭৭৫ জন। কেবল নিউ ইয়র্কেই মৃত্যু হয়েছে ২১ হাজার ২৮৩ জনের। রাজ্যটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৭১১ জন। করোনার কারণে যুক্তরাষ্ট্রে ২ কোটি ৬০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। এর মধ্যেও ওকলাহোমা, আলাস্কা ও জর্জিয়ার মতো কিছু রাজ্যে কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করছেন গভর্ণররা। নিউ ইয়র্কে অ্যান্টিবডি টেস্টে অধিবাসীদের প্রতি ৫ জনে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল প্রাথমিক পরীক্ষার এই ফল প্রকাশ করেছেন নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কুওমো।

টিকা আবিষ্কারে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সংস্থাটির প্রধান টেড্রোস আডহানোম জেব্রেইসাস জানিয়েছেন, করোনা ভাইরাসের ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন গ্রুপের সঙ্গে অংশিদারিত্বের ভিত্তিতে কাজ করবে। এ বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হবে। তিনি বলেন, এজন্য প্রথমে দরকার বিভিন্ন সরঞ্জাম। কারণ সবাই একই ধরনের হুমকি মোকাবিলা করছেন। জেনেভায় যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র জানিয়েছেন, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে অংশ নিচ্ছেন না। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সংস্থার তহবিল স্থগিত করেছেন। তবে ব্রিটেন এবং স্পেন সহায়তা করবে বলে জানিয়েছে।

এক বছর আগে সতর্কবার্তা ব্রিটিশ সরকারকে

ব্রিটেনে সরকারকে এক বছর আগেই ভাইরাস নিয়ে সতর্ক করেছিল ন্যাশনাল সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট। ৬০০ পৃষ্ঠার এই গোয়েন্দা প্রতিবেদনে পিপিইসহ বিভিন্ন সরঞ্জাম আগে থেকেই ব্যবস্থা করার কথাও বলা হয়েছিল। এতে স্বাক্ষর করেন সরকারের শীর্ষ বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স। এটা মহামারী আকারে সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগকে। এই সংক্রান্ত প্রতিবেদন ফাঁস করেছে দ্য গার্ডিয়ান।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫) সোমবার থেকে কাজে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকের সময়সূচি ঠিক করতে উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন বলে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত মাসের শেষ দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন প্রধানমন্ত্রী বরিস জনসন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ বলে জানা গেছে। তার অনুপস্থিতিতে এতদিন দায়িত্ব পালন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

এক মাস আগে ছড়ায় স্পেনে

ইউরোপে ইতালির পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্পেনে (২২ হাজার ৫২৪ জন)। দেশটির ইনস্টিটিউটো ডে সালুদ কার্লোস ৩ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারিই এক জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা যায়। তার থেকে ভাইরাস ছড়িয়েছে। এর এক মাস পর দেশটিতে লকডাউন জারি করা হয়। এরই মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ে বলে গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে। দেশটিতে একমাস পর দিনের হিসাবে মানুষের প্রাণহানি সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২৪ ঘন্টায় ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪৪০।

দক্ষিণ এশিয়ার পরিস্থিতি

এক দিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের নিরিখে ফের রেকর্ড গড়েছে ভারত। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৭৫২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক লাফে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৩ হাজার ৪৫২ জনে। ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকল ৭২৩ জনে। মৃতদের মধ্যে চার মাসের এক শিশুও রয়েছে। দেশটি দিনে এক লাখ করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি কন্টাক্ট ট্রেসিং সিস্টেম তৈরি করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এখন সেই সিস্টেম ব্যবহার করে করোনা রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করছে দেশটি। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, এই পদ্ধতির ব্যবহার দেশটিতে ব্যবসা-বাণিজ্য চালু করতে সাহায্য করবে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫১৩ জন এবং মারা গেছে ২৪২ জন।