আরো চার জনের মৃত্যু নতুন শনাক্ত ৫০৩

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চার জন প্রাণ হারিয়েছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১ জনে। অপরদিকে, এই ভাইরাসে আক্রান্ত হিসাবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৫০৩ জন। ফলে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ হাজার ৬৮৯ জন।

গতকাল শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়।

করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় আসন্ন রমজানে মসজিদে এশা ও তারাবি নামাজ আদায়ে যে নির্দেশনা (দুই হাফেজসহ ১২ মুসল্লি নিয়ে জামাত) দিয়েছে সেটা মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা। ইফতার মাহফিল বা এ ধরনের কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। ডা. নাসিমা বলেন, নিজে                সুস্থ থাকব এবং নিজের পরিবারের সদস্যদের সুস্থ রাখতে এ নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন গোটা বিশ্বে মহামারি সৃষ্টি করেছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েক জন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিয়েছে আরো নানা পদক্ষেপ। এসব পদক্ষেপের মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায়, বিশেষত ঘরে রাখা। কিন্তু সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশের টহল জোরদার করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না বিধায় করোনা ভাইরাসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

অপপ্রচার ঠেকাতে মিডিয়া সেল :বাংলাদেশে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ে অপপ্রচার ঠেকাতে এবং এই রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নানা কার্যক্রম জানাতে একটি ‘মিডিয়া সেল’ গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মিডিয়া সেলটি চার সদস্যবিশিষ্ট হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯-এর সংক্রমণ ও বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম বা পদক্ষেপের বিষয়ে নিয়মিত ব্রিফিং, সব মিডিয়াকে অবহিতকরণ এবং এ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অপপ্রচারের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি মিডিয়া সেল গঠন করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই মিডিয়া সেলে থাকছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) রীনা পারভীন, মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট আহমেদ লতিফুল হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।