ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামে স্বামী পরিত্যক্তা দুই সন্তানের জননী এক প্রতিবন্ধী নারীকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবত্ ধর্ষণ করে আবু তাহের ও সফিজল নামে দুই লম্পট। একপর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়লে লম্পটদের চাপে ও আর্থিক সহযোগিতায় ৩ দিন আগে বাচ্চা নষ্ট করে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। স্থানীয়রা পরে মৃত শিশুটিকে খাল থেকে তুলে পাশের ব্রিজ সংলগ্ন এলাকায় মাটি চাপা দেয়।
ঘটনাটি জানার পর ইউপি সদস্য মো. সাহাজল মাঝিসহ কয়েক জন বুধবার বিকালে এক সালিশ বৈঠক করে ধর্ষকদ্বয়কে ২ লাখ টাকা জরিমানা করে বিষয়টা মীমাংসার চেষ্টা করেন। তবে স্থানীয় প্রশাসন ঘটনাটি জেনে যায় এবং বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী ও অফিসার ইনচার্জ মু. এনামুল হক ঘটনাস্থলে গিয়ে ওই মেম্বারসহ দুই ধর্ষককে আটক করেন ? নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওইদিন কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করে থানায় নিয়ে যায় পুলিশ। ওই প্রতিবন্ধী নারীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় থানায় বুধবার রাতে আটক তিন জনসহ ১১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। বৃহস্পতিরবার সকালে আটককৃতদের কোর্টে পাঠানো হয়।