সারাদেশে বজ্রপাতে আট জন নিহত

দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার বজ্রপাতে আট জন নিহত হয়েছেন। 

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শ্রীনগরে বজ্রপাতে মোহাম্মদ রোমান (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পশ্চিম মুন্সীয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোমান ঐ গ্রামে মো. মজনু শেখের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় শ্রীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রোমান নিজ বাড়ির দিকে যাচ্ছিল। বাড়ির সামনেই হঠাত্ বজ্রপাতে রোমানের মৃত্যু হয়। এ সময় তার দেহের অনেকাংশ পুড়ে যায়।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় বজ্রপাতে সালাউদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সালাউদ্দিন উপজেলার চরভাগা পশ্চিম মোনাই হাওলাদার কান্দির বাসিন্দা সাহেব আলী গাজীর ছেলে। চরভাগা ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন হাওলাদার বলেন, সালাউদ্দিন শুক্রবার সকালে পদ্মা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিল। দুপুরে হঠাত্ বজ্রসহ ঝড় শুরু হলে সেখানেই বজ্রপাতের শিকার হয় সে। পরে তাকে উদ্ধার করে নড়িয়ার ঘড়িশার বাজারের একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।

যশোর অফিস জানায়, শুক্রবার যশোরের চৌগাছা উপজেলার আফরা গ্রামের ধান খেতে বজ্রপাতে খলিলুর রহমান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার ফুলসারা ইউনিয়নের চান্দা-আফরা গ্রামের শাহিনুর রহমান গাজীর ছেলে। একই ঘটনায় আরো দুই জন আহত হন। তারা হলেন, ঐ গ্রামের আতিয়ার রহমান ও কিনু বিশ্বাস। এদের মধ্যে গুরুতর আহত আতিয়ার রহমানকে টহলরত সেনাসদস্যদের গাড়িতে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী জানান, শুক্রবার সকাল থেকে কৃষকরা আফরা মোড়ের মাঠে ধান কাটছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মাঠে কর্মরত খলিলুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এসময় বেশ কয়েকজন কৃষক সেখানে কাজ করছিলেন।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জে বজ্রপাতে দুলা মিয়া (৪৫) নামের এক কৃৃৃষক নিহত হয়েছেন। উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর মাঠে ধান কাটার সময় শুক্রবার বিকাল ৩টার দিকে বজ্রপাতে তিনি নিহত হন। নিহত দুলা মিয়া রসুলপুর গ্রামের মৃত বজলুল হকের ছেলে। শুক্রবার বিকালে মুষলধারে বজ্র ও শিলা বৃষ্টি চলাকালিন মাঠে ধান কাটছিলেন কৃষক দুলা মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটে। এতে দুলা মিয়া শরীর ঝলসে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা  জানান, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে চরভদ্রাসন ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই কৃষক হলেন আব্দুল খালেক মোল্যার ছেলে মো. জয়নাল মোল্যা (৪০) ও টেনু মোল্যার ছেলে হাসেম মোল্যা (৬২)। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আকাশে মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়েছিলেন তারা। ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই  তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোসহ সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থসহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের রায়পুরে বজ্রপাতে মুন্নি আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের  চর আবাবিল গ্রামের গাজি বাড়িতে এ ঘটনা ঘটে। সে ব্যবসায়ী মনির হোসেন গাজির মেয়ে ও রচিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।