চেন্নাই থেকে ফিরলেন আরো ১৬৯ জন

বিশেষ প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে বিশেষ ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে আরো ১৬৯ জন নাগরিককে দেশে এনেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।

তিনি জানান, ভারতের চেন্নাই শহরে চিকিত্সার জন্য গিয়ে এরা আটকে পড়েন। এদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এ নিয়ে চার ফ্লাইটে চেন্নাই থেকে ৬৬১ জনকে দেশে ফেরাল বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি। আজ শনিবার চেন্নাই থেকে আরেকটি ফ্লাইটে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে এয়ারলাইনসটির আরেকটি ফ্লাইট।

উল্লেখ্য, এক মাসের অধিক সময় ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিত্সার জন্য গিয়ে আটকে পড়েছেন হাজার হাজার বাংলাদেশি। গত ১৭ মার্চ থেকে আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলেন না। এ পরিস্থিতিতে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকেপড়াদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করে। বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়ায় ইউএস-বাংলা। বিশেষ ফ্লাইটগুলোতে শুধু বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবেন।