স্টাফ রিপোর্টার রংপুর
রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২ হাজার ৭৯০ কেজি চালসহ আশরাফুল আলম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলা বালাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও যুবলীগের সাবেক নেতা। বৃহস্পতিবার বিকালে কাউনিয়া উপজেলার রাজেন্দ্র বাজারের একটি চাতালের গোডাউনে গোপনে সরকারি চালের বস্তা পরিবর্তনের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে গোপন সূত্রের ভিত্তিতে রাজেন্দ্র বাজার এলাকায় পুষ্প নামে এক চাতালে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে কাবিখা প্রকল্পের জন্য উত্তোলন করা সরকারি চালের ৩০ কেজির বস্তা পরিবর্তন করছিলেন ইউপি সদস্য আশরাফুল আলম। পুলিশ ঘটনাস্থল থেকে ২ টন ৭৯০ কেজি চালসহ হাতে নাতে ঐ ইউপি সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চাল কালোবাজারে বিক্রির জন্য বস্তা পরিবর্তনের কথা স্বীকার করেছেন বলে ওসি জানান। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উলফুত্ আরা বেগম বলেন, কাবিখা প্রকল্পের সভাপতি হিসেবে ইউপি সদস্য আশরাফুল খাদ্যগুদাম থেকে সরকারি চাল উত্তোলন করেন। কিন্তু সেই চাল প্রকল্পের শ্রমিকদের মধ্যে বিতরণ না করে কালোবাজারে বিক্রির জন্য গোপনে বস্তা পরিবর্তন করছিলেন। পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করেছে।