শাবিপ্রবির ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের খাদ্য উপহার বিতরণ

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ মাসের শুরু থেকেই তারা সিলেটের নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় মানুষদের মধ্যে এ উপহারসামগ্রী বিতরণ করা শুরু করেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভেতরকার সকল টং, ফুচকা/চটপটির দোকানদার, সবজি বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের নিম্ন আয়ের কর্মচারীসহ করেরপাড়, ডলিয়া, নয়াবাজার, আখালিয়াঘাট এলাকার নিম্ন আয়ের মানুষদের মধ্যে এ উপহারসামগ্রী বিতরণ করেছেন।

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজকে বিতরণকৃত উপহারসামগ্রীতে ছোলা ও খেজুরসহ রমজানে প্রয়োজনীয় দ্রব্যাদিও উপহারসামগ্রীর প্যাকেটে সংযুক্ত করা হয়েছে। তারা আরো জানিয়েছেন, মোট ৬৫০ পরিবারের মধ্যে উপহারসামগ্রী হিসেবে খাবার প্যাকেট, ৮০০ জনের মধ্যে  রান্না করা খাবার  এবং  দরিদ্র-অসচ্ছল পরিবারের  ৩২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে ছাত্রবৃত্তি হিসেবে এককালীন অর্থ প্রদান করেছে।

শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের গৃহীত এই উদ্যোগে ইতিমধ্যে বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীরা, সাস্টিয়ান ও নন-সাস্টিয়ান সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং দেশি-বিদেশি সুহূদরা এগিয়ে এসেছেন বলে আয়োজকরা জানান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম চালিয়ে যেতে চান। সেজন্য সমাজের বিত্তবান ও উদারচিত্তের মানুষকে তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।