সিলেটে এ পর্যন্ত ৪৯ জনের করোনা পজিটিভ

ওসমানী হাসপাতালের ৭৮ ইন্টার্ন

ডাক্তার কোয়ারেন্টাইনে

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস ও আহসান হাবিব, দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সিলেটে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় ৫ এপ্রিল। এরপর গত রবিবার পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত হয় ১০ জন। সোমবার একসঙ্গে শনাক্ত হন ১০ জন। বুধবার ও বৃহস্পতিবার ধরা পড়ে আরো ২৯ জন। এ করোনা রোগী বৃদ্ধিতে সিলেটে আতঙ্ক অনেক বেড়ে গেছে। সিলেট বিভাগে যে ৪৯ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে বেশির ভাগেরই সংক্রমণের উত্স খুঁজে পাননি সংশ্লিষ্টরা। এতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার আশঙ্কাই করছেন চিকিত্সকরা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ৪টি ধাপ রয়েছে। যে ধাপগুলোর মাধ্যমে এলাকায় করোনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ ধাপ অর্থাত্ স্টেজ ফোর সবচেয়ে ভয়ানক ধাপ। আর সিলেট এখন আছে সেই ধাপেই। এখন করোনা থেকে রক্ষা পেতে ঘরে থাকা ছাড়া আর কোন রাস্তা নেই। তাই নিজেকে ও পরিবারকে  বাঁচাতে সবাইকে ঘরে থাকা উচিত।

৭৮ ইন্টার্ন ডাক্তার কোয়ারেন্টাইনে

এদিকে ওসমানী হাসপাতালের এক জন ইন্টার্ন চিকিত্সক করোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালের ৭৮ শিক্ষানবিস চিকিত্সককে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে বৃহস্পতিবার আট জনের নমুনা পরীক্ষা করা হয়। বাকিদের ধাপে ধাপে পরীক্ষা করা হবে।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী হিসাবে শনাক্ত হন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। তার মৃত্যুর পর করোনা পরীক্ষা শুরু হলেও বেশ কয়েক দিন নতুন কোনো রোগীর সন্ধান পাওয়া যায়নি।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার এই হাসপাতালের এক ইন্টার্ন চিকিত্সকের করোনা শনাক্ত হলে তাকে হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি কয়েক দিন আগে গাজীপুর থেকে এসেছিলেন।

এর আগে গত ১৩ এপ্রিল এই হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিত্সারত এক প্রসূতির করোনা শনাক্ত হলে হাসপাতালটির ১৯ চিকিত্সক ও ১৪ সেবিকাসহ ৪৪ জনকে কোয়ারেন্টাইন করা হয়। বৃহস্পতিবার ওসমানী হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিত্সাধীন আরেক প্রসূতির করোনা শনাক্ত হয়। ওই নারীর সংস্পর্শে যেসব চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা ছিলেন, তাদেরও কোয়ারেন্টাইন করা হবে বলে জানান হিমাংশু লাল রায়।

উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ

নতুন করে করোনা আক্রান্তদের অনেকের শরীরে উপসর্গ মিলছে না। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ঢাকা কিংবা নারায়ণগঞ্জ থেকে আগতদের চিহ্নিত করে তাদের নমুনা সিলেটের ল্যাবে পাঠানো হলে করোনা পজিটিভ ধরা পড়ে। এমন পরিস্থিতি ভাবিয়ে তুলছে চিকিত্সকদের।