স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে রেলওয়ের তেল চুরির ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া সিনিয়র উপসহকারী প্রকৌশলী আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী-আরএনবি। আরএনবির কমান্ড্যান্ট মোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় ট্যাংকলরি থেকে এই তেল চুরির ঘটনা ঘটে। এ সময় যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, লরির হেলপার ইলিয়াস হোসেন, যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলীকে আটক করা হয়। তেল চুরির ঘটনায় ঐদিনই সিনিয়র সাব এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।
তেল চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই-লোকো) আশীষ কুমার মণ্ডলকে প্রধান করে ঐ কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার (ডিইই) রিফাত সাকিল রুম্পা ও কমান্ড্যান্ট আরএনবি (পাকশী) রেজওয়ানুর রহমান।