অধ্যাপক কাজী এম এ মোনায়েম
ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী এম এ মোনায়েম (৭০) শুক্রবার গৌরীপুর পৌর শহরে কালীপুর মধ্যম তরফ এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাজীপাড়া নিজ গ্রামে জানাজার নামাজ শেষে মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গৌরীপুর সরকারি কলেজে দীর্ঘদিন বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ‘গৌরীপুরের ইতিহাস ঐতিহ্য ও কিংবদন্তিসহ বেশ কয়েকটি বইয়ের রচয়িতা। তার মৃত্যুতে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার গভীর শোক প্রকাশ করেছেন।
মাহাবুব আহমেদ লিটন
নেত্রকোনার সদর উপজেলার ডুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মদনপুর গ্রামের মাহাবুব আহমেদ লিটন (৫৫) গতকাল শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। ঐদিন বিকালে মদনপুর শাহ্ সুলতান কমর উদ্দিন রুমীর (রা) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।