সড়ক ও সেতুমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার তিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এপিএস পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে র্যাব তিন জনকে গ্রেফতার করেছে। গতকাল রাজধানীর মহাখালী ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে নগদ টাকা, চেকবই, মোবাইল ফোন, নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্ন ও সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগপত্র। গ্রেফতারকৃতরা  হলেন—এপিএস পরিচয়ধারী মোহাম্মদ কামরুজ্জামান, তার সহযোগী আব্দুল মমিন ও কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী।

তিনি জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। মানুষের কাছে বিশ্বাস অর্জনের জন্য নিজেদের সামরিক বাহিনীর অফিসার, কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর পিএস-এপিএস পরিচয় দিত। বিশেষ করে, সেনাবাহিনীতে চাকরি দিতে কখনো নিজেদের মেজর জেনারেল, এসএসএফ কিংবা নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিল।