আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুনভাবে যে ৫০ লাখ রেশনকার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের মধ্য থেকেই করতে হবে। এই কার্ডটি করার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এ ধরনের কার্ড করার সময় দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায় না। যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কোনো সময় আমাদের দলকে ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবী হন প্রধানমন্ত্রী ঘোষিত নতুন ৫০ লাখ রেশনকার্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে।
গতকাল শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, সবাই কিন্তু ত্রাণ চাইতে পারে না, নিজেদের সমস্যার কথা মুখ ফুটে বলছেন না। আমাদেরকে খেয়াল করে নিজেদের বিবেচনায় যারা চাইতে পারে না তাদের কাছে ত্রাণ পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যারা ভালো মতো চাইতে পারে দেখা যাচ্ছে সে সবার কাছ থেকে নিচ্ছে। এরকম যাতে না হয় সেজন্য পুরো বিষয়টার মধ্যে একটা সমন্বয় হওয়া প্রয়োজন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।