ভোটের লড়াইয়ে নারী প্রার্থীদের রেকর্ড

সর্বাধিক ৬৯ জন নারী প্রার্থী অংশগ্রহণ করছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। কেউ কেউ একাধিক আসনে অংশগ্রহণ করছেন। এই সংখ্যা অতীতের যে কোন নির্বাচনে নারী অংশগ্রহণের চেয়ে বেশি। এর মধ্যে আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনাসহ ২০ জন সরাসরি নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। তারপরই বিএনপির ১৫ জন এবং জাতীয় পার্টির লাঙল নিয়ে ৫ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন। বাকি ৩৫ জন নারী বড় দুই জোটের শরিক ও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে ১১৮ জন মনোনয়ন পেলেও চূড়ান্তভাবে নারী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন।

স্বতন্ত্র প্রার্থী ৯৯ জন ও দলীয় ১ হাজার ৭৪৯ জনকে নিয়ে এবার ৩শ আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৮৪৯ জন। এদের মধ্যে নারীর শতকরা হার প্রায় ৪ শতাংশ। সংসদে সরাসরি নির্বাচনে নারীর অংশগ্রহণ এখনও দুই অঙ্কের কোঠা স্পর্শ করতে পারেনি। গণপ্রতিনিধিত্ব আদেশ মতে ২০২০ সালের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের সকল স্তরের কমিটিতে এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার নির্দেশ আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার আসন থেকেই ভোট করছেন। রংপুর-৬ তার আসনে নির্বাচন করছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশান এরশাদ ময়মনসিংহ-৪ ও ৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৭১ সালে প্রথম সংসদ নির্বাচনে নারী প্রার্থী ছিলেন ২ জন, ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে ১২ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেন । সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৩০ জন এবং তার আগে নবম সংসদ নির্বাচনে ৬৪ জন নারী প্রার্থী ছিলেন।