সংবাদ সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

ঢাকার নবাবগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, অতীতে সাগর-রুনীসহ সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নবাবগঞ্জে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা ন্যক্কারজনক। মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত নবাবগঞ্জের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে নির্বাচনে সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) এর সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী, ডিইউজের একাংশের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, অপর অংশের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ডিআরইউ সদস্য শরীফুল ইসলাম বিলু, উবায়দুল্লাহ বাদল প্রমুখ।

ডিআরইউ এর সভাপতি ইলিয়াছ হোসেন বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুনির্দিষ্ট মামলার পরও আসামিরা গ্রেপ্তার হয়নি।