করোনা ভাইরাস ঠেকাতে ভারত জুড়ে দীর্ঘদিন ধরেই লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে দেশটির পশ্চিমবঙ্গে লকডাউন না মানায় ৩৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির মুখ্যসচিব রাজীব সিনহা।
রাজীব সিনহা বলেন, যারা এ রাজ্যে লকডাউন অমান্য করেছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গ্রেফতার হয়েছে মোট ৩৩ হাজার ৯৯৭ জন।
তিনি আরও বলেন, যথাযথভাবে লকডাউন জারি রাখার জন্য আমরা নানা রকম পদক্ষেপ নিয়েছি। এই নিয়ম অমান্য করলে আমরা কাউকেই ছাড় দিচ্ছি না। শুক্রবার পর্যন্ত বিধিনিষেধ অমান্য করায় পুলিশের খাতায় গ্রেফতার ৩৩,৯৯৭ জন। এর থেকেই বোঝা যাচ্ছে যে গোটা রাজ্যেই আমরা কড়া নজরদারি চালাচ্ছি।
এদিকে, কলকাতা শহরেও অনেকেই লকডাউন অমান্য করছেন। শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে ৮৫৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেন, মাস্ক না পরে রাস্তায় নামার কারণে ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং খোলা জায়গায় থুথু ফেলার অপরাধে গ্রেফতার করা হয়েছে ২৪ জনকে। শুধু তাই নয়, লকডাউনের বিধিনিষেধ অমান্য করে কোনও জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোর জন্যে এখনও পর্যন্ত মোট ১৪টি গাড়ি বাজেয়াপ্ত করেছি আমরা।
আরও পড়ুন: ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪২৯ আর মৃত্যু ৫৭
ভারতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪২৯ জন। আর এই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৬ জন। শনিবার পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৭৭৫ জনের। শনিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ এর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ২০.৬৬ শতাংশ মানুষ। এনডিটিভি।
ইত্তেফাক/আরআই