শেবাচিমের করোনা ওয়ার্ডে ২৮ আইসিইউ বেড প্রস্তুত

বরিশাল অফিস

করোনায় আক্রান্তদের জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে আরো ১৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ২৮টি বেড প্রস্তুত রয়েছে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, করোনা ওয়ার্ডের তৃতীয় তলায় নতুন ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আট বেডের সঙ্গে আরো দুইটি বেড হাসপাতালের মূল আইসিইউ ইউনিটে রাখা হয়েছে। বর্তমানে সর্বমোট ২৮টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে।  তিনি আরো বলেন, কোনো রোগীর সমস্যা গুরুতর হলেই আমরা এগুলো ব্যবহার করতে পারব। শুক্রবার থেকেই আইসিইউ বেডগুলো প্রস্তুত করা হয়েছে। পরিচালক জানান, করোনা ওয়ার্ডের আইসিইউ ইউনিটের জন্য একটি টিম প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে চার জন চিকিত্সক ও ৩০ জন নার্স রয়েছেন। বেশি লোক দায়িত্ব পালন করায় এবং রোগীর ভুল তথ্যের কারণে ইতিমধ্যে হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ লকডাউন করা হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ৪০ জন চিকিত্সককে। এর মধ্যে চার চিকিত্সকের করোনা পজিটিভ এসেছে।