হবিগঞ্জে চিকিত্সকসহ আক্রান্ত ৪৬ জন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শনিবার পর্যন্ত জেলায় মোট ৪৬জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আইইডিসিআর ও সিলেট থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে।  নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের দুই কর্মকর্তা জানান, হবিগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তাসহ নাজির, গাড়ি চালক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নারী শিশুসহ ৪৬ জন আক্রান্ত। শনিবার আইইডিসিআর থেকে হবিগঞ্জে পাঠানো ২০ জনের করোনা পজেটিভ বলে রিপোর্ট এসেছে। এরমধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ চার জন রয়েছেন। বাকিরা স্বাস্থ্য বিভাগে কর্মরত। স্বাস্থ্য বিভাগে কর্মরতদের মধ্যে ডাক্তার, নার্স ও ব্রাদার রয়েছেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের মোবাইলে বার বার মোবাইল কল দিলেও তিনি কল গ্রহণ করেননি। সূত্র আরো জানায় ডাক্তার নার্স করোনা আক্রান্ত হওয়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লক ডাউনের সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, লকডাউনের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এখনো হয়নি। সিদ্ধান্ত হলে জানাব।