বরেণ্য সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে আনন্দ র্যালি

নেত্রকোনার কৃতী সন্তান বরেণ্য সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে  নেত্রকোনায় আনন্দ র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নেত্রকোনা হিমু পাঠাগার আড্ডার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে সাতপাই চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে আনন্দ র্যালি উদ্বোধন করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক অধ্যাপক যতীন সরকার। পরে  র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  র্যালি শেষে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ সুজাদুল ইসলাম ফারাস, হিমু পাঠাগার আড্ডার প্রতিষ্ঠাতা সভাপতি আলপনা বেগম, সাইফুল্লাহ এমরান।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে হুমায়ূন ভক্তরা। জন্মদিন উদযাপন উপলক্ষে মঙ্গলবার পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সংগঠন ‘কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’। আলোচনা সভা থেকে হুমায়ূন আহমেদ ভক্তরা গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণের জন্য ‘হুমায়ূন চত্বর’ নির্মাণ ও ‘হুমায়ূন আহমেদের’ নামে একটি আন্তঃনগর ট্রেনের নামকরণের দাবি জানান। সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক কামরান পারভেজ, রাকিবুল ইসলাম রাকিব, ব্যবসায়ী নান্নু মিয়া প্রমুখ।