আস্থার প্রতিদান দিচ্ছে লিটন :ম্যাকেঞ্জি

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পাঁচ বছর আগে। লিটন কুমার দাসের প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই। কিন্তু ২২ গজে প্রতিভার বিচ্ছুরণ ব্যাটে অনুদিত হচ্ছিল না বলে দল থেকে বাদও পড়েছেন। অধিনায়ক, কোচ, নির্বাচকদের আস্থা ছিল তার প্রতি। সবার ছায়া পেয়েছেন এই তরুণ।

কদাচিত্ ঝলক দেখালেও লিটনের ব্যাটে বড়ো অভাব ছিল ধারাবাহিকতার। গত মার্চে শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে রান মেশিন হিসেবে ধরা দিয়েছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান। টেস্টে হাফ সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে জোড়া সেঞ্চুরিতে ৩১১ রান করেছেন। খেলেছেন দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস। টি-২০ সিরিজেও দুটি হাফ সেঞ্চুরি করেছেন।

বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির মতে, নির্বাচকদের আস্থার প্রতিদান এখন দিচ্ছেন লিটন। এখন এই ওপেনার জানেন, দলে তার ভূমিকা কী। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাত্কারে প্রোটিয়া এই কোচ কথা বলেছেন সৌম্য সরকার, তামিম ইকবালদের নিয়ে।

বঙ্গবন্ধু বিপিএলে লিটন বলেছিলেন, শট কমিয়ে এনে উইকেটে বেশি সময় থাকার চেষ্টা করছেন তিনি। লিটনের এই পরিবর্তনে খুশি ম্যাকেঞ্জি। পাঁচ বছর পর হলেও তার এমন চিন্তা সম্পর্কে ম্যাকেঞ্জি বলেছেন, ‘শুনতেই ভালো লাগছে এটা কেউ বলেছে। আন্তর্জাতিক ক্রিকেট তরুণ ক্রিকেটারদের জন্য কঠিন জায়গা। পাঁচ বছর অনেক সময় মনে হচ্ছে, আবার এটা অনেক সময় নয় যদি আপনি দলে আসা-যাওয়ার মধ্যে থাকেন। লিটন নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছে। ধারাবাহিকতার মাধ্যমেই পরিণতবোধ আসে।’

লিটন নিজের দায়িত্ব সম্পর্কে জানেন উল্লেখ করে বাংলাদেশের এই ব্যাটিং কোচ বলেছেন, ‘মনে হচ্ছে সে জানে, সে কি করতে চায়। দলে নিজের ভূমিকা সম্পর্কে সে জানে। বিচার বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান খেলোয়াড় সে, নিজের শটস খেলতে পছন্দ করে। কিন্তু সবসময় আপনি নিজের সব শটস খেলতে পারবেন না। আপনাকে চতুর হতে হবে এবং শটস বাছাই করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট হলো পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, নির্দিষ্ট জায়গা, প্রতিপক্ষের খেলোয়াড় বিবেচনায় নিজের খেলা পরিবর্তন করতে  হবে। মনে হচ্ছে সে নিজের খেলায় কিছু খুঁজে পেয়েছে।’

লিটনের এমন ব্যাটিং দলের অন্য ব্যাটসম্যানদের মধ্যে প্রভাব ফেলবে বলেই বিশ্বাস ম্যাকেঞ্জির। সবাই তার মতো আরো ভালো করার চেষ্টা করবে।

বাঁহাতি সৌম্য সরকারের প্রতি ম্যাকেঞ্জির পরামর্শ আগে নিজেকে জানতে হবে। নিজের প্রতিভা, সামর্থ্য সম্পর্কে জানতে হবে। প্রোটিয়া এই কোচ সৌম্যকে নিয়ে বলেছেন, ‘আমরা জানি সে কতটা ভালো, কিন্তু আমি চাই সে নিজে জানুক সে কতটা ভালো। আমার মনে হয় এটা বড়ো বিষয়।’