স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের মহামারিতে নানাভাবে মানুষের সেবায় অংশ নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এবার বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’। রাষ্ট্রায়ত্ত সেবাদাতা এই প্রতিষ্ঠান নড়াইলের কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে।
গত শুক্রবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাশরাফি বলেছেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা নগদকে ধন্যবাদ। মানুষ বাঁচলে, দেশ বাঁচবে—এই স্লোগানকে সামনে রেখে নগদ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, আমি এজন্য নগদ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, এই সংকটে বিত্তবান ও ব্যবসায়ীরা খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। সবাই মিলে মানুষকে সহযোগিতা করলে কোনো সংকটই সংকট তৈরি করতে পারবে না।’
এক বিবৃতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ‘দেশ এখন গভীর সংকটে। এতকিছুর পরও নগদ দেশ, মানুষ আর কর্মীদের জন্য নিয়েছে নানা রকম মানবিক পদক্ষেপ। নগদ মনে করে—মানবিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এটাই শ্রেষ্ঠ সময়।’