এশিয়া কাপ সরিয়ে আইপিএল!

মানবে না পিসিবি

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য একটা ফাঁকা জায়গা খুঁজে পেতে মরিয়া বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। ঐ সময় এশিয়া কাপ টি-টোয়েন্টি আয়োজনের সূচিও ঠিক হয়ে আছে।

পাকিস্তান অবশ্য কোনোভাবেই এশিয়া কাপ পেছানোর পক্ষে নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান জানান, স্বাস্থ্যঝুঁকি ছাড়া আর কোনো কারণে এশিয়া কাপ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলে তা মানবে না পাকিস্তান।

তিনি বলেন, ‘আমাদের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার। সেপ্টেম্বরে হতে যাচ্ছে এশিয়া কাপ এবং কেবল একটি কারণেই টুর্নামেন্টটি না হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো চলমান স্বাস্থ্য সুরক্ষার বিষয়। আইপিএলকে জায়গা করে দিতে এশিয়া কাপ পিছিয়ে দেওয়া আমরা মানবো না।’

তিনি আরো বলেন, ‘শুনেছি এশিয়া কাপ নভেম্বর-ডিসেম্বরে সরিয়ে নেওয়ার কথা চলছে কিন্তু আমাদের পক্ষে এটা মানা সম্ভব নয়। যদি এটা করা হয়, তা হবে কেবল একটি সদস্য দেশের স্বার্থে, যা ঠিক নয়। এটাতে আমরা সমর্থন করব না।’

জানিয়ে রাখা ভালো, ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। কিন্তু, করোনা ভাইরাসের প্রকোপে সেটা ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। এরপর ভারতকে ২১ দিনের জন্য লকডাউন করে দেওয়া হলে আরো পিছিয়ে যায় এই টুর্নামেন্ট। এবার লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার পর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় এই আসর।