স্পোর্টস ডেস্ক
করোনার কারণে স্থগিত লা লিগা মাঠে ফেরার সব রকম চেষ্টাই করছে। তবে ফুটবল মাঠে ফিরলেও দর্শকদের মাঠে ফেরানো সহজ হবে না মোটেও। ইএসপিএন জানাচ্ছে, চলতি বছরের সব ম্যাচই দর্শকহীন মাঠে করার ব্যাপারে আগ্রহ লা লিগা দলগুলোর। স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের সভাপতি আইরিন লোজানো দর্শকবিহীন মাঠে ফুটবল ফেরানোর আশাবাদ ব্যক্ত করে সম্প্র্রতি বলেছিলেন, ‘চলতি বছরেই দর্শকদের ফেরানোটা খুব কঠিন। প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত বড়ো জনসমাগম অবশ্যই সম্ভব নয়। তবে অবস্থা পালটালে আমরা এ পরিস্থিতিটাকে পুনর্বিবেচনা করব।’ বেশির ভাগ লা লিগার দলই ২০২১ সালের আগ পর্যন্ত দর্শকদের প্রবেশাধিকার দিতে নারাজ। আর লা লিগার লক্ষ্য কঠোর নিরাপত্তা পদক্ষেপ নিয়ে আগামী জানুয়ারিতে দর্শক ফেরানোর। তবে প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত ভরা গ্যালারির দেখা না মেলার সম্ভাবনাই প্রবল।