ডেস্ক রিপোর্ট
করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে।
মানিকগঞ্জে ডেভেলপার অ্যাসোসিয়েশন
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল পৌর এলাকার মেন্দিবাগ গ্রামে দুস্থদের মাঝে মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় আয়োজক সংগঠনের সভাপতি মাসুদুল কামরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুুস সালাম, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম সুজন, পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অলীয়ার রহমান, বিশিষ্ঠ সমাজসেবক হোসেন ডিলার প্রমুখ।
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ খেলাফত আন্দোলন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল সিদ্ধিরগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমির ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সী। বাংলাদেশ খেলাফত আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা ৭ নম্বর ওয়ার্ড এই খাদ্য বিতরণ কার্যক্রম আয়োজন করে।
আড়াইহাজারে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলার দুই পৌরসভা ও ১০ ইউনিয়নের ২৭ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই ব্যবস্থা অব্যাহত রয়েছে। ছাড়াও বিভিন্ন বাজারে অসহায়দের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।